২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ চেষ্টার সাজা নাকে খত ও জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে নাকে খত ও জরিমানার দণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 06:57 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

মঙ্গলবার দুপুর ২টায় নিজ কার্যালয়ে আদালত বসিয়ে এ বিচার করেন ইউএনও মোহাম্মদ আবুল খায়ের।

অভিযুক্ত মো. টুকু মোল্লাকে (৭০) পাঁচ হাজার টাকা জরিমানা এবং স্থানীয়দের সামনে নাকে খত দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে ইউএনও জানান।

টুকু আলফাডাঙ্গার বাজার এলাকার  মৃত তফসিল মোল্লার ছেলে।

ইউএনও আবুল খায়ের বলেন, গত ১০ ফেব্রুয়ারি ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন টুকু। এ ব্যাপারে  ১১ ফেব্রুয়ারি ছাত্রীর মা বিচার চেয়ে তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। 

মেয়েটির বাবা সাংবাদিকদের বলেন, তার মেয়ে আলফাডাঙ্গা এ জেড পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

তিনি জানান, ওইদিন বাড়ির পাশে হাসপাতালের ভিতরে গাছের পাতা সংগ্রহ করতে যান তার মা। পরে তিনি চলে আসেন এবং মেয়ে ওই পাতা আনতে সেখানে যায়।

তারপরেই এই ঘটনা ঘটে বলে তিনি জানান।