২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি যাত্রীবাহী কোচ ও একটি পণ্যবাহী ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 05:28 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

মঙ্গলবার দুপুরে মাটির ঘর এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচে ও  কলা বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ক্ষেতলাল থানার ওসি মুনিরুল ইসলাম।

বাসের চালক জাফর আলী ও ট্রাকের চালক রমজান আলী বলেন, বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা যাওয়ার পথে নিশ্চিন্তা বাজারের কাছে মাটির ঘর এলাকায়  মুখোশ পরা ১০/১৫ জন দুর্বৃত্ত ভটভটি দিয়ে রাস্তায় বেরিকেড দিয়ে বাস ও ট্রাক থামায়। পরে চালক ও যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ জয়পুরহাট থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে জানান তারা।

জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, এতে ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হরতাল-অবরোধে এ নিয়ে জয়পুরহাটের বিভিন্ন সড়কে দুটি যাত্রীবাহী কোচ বাস, একটি প্রাইভেট কার ও সাতটি মাল বোঝাই ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।