যশোরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে, কুপিয়ে হত্যা
যশোরে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়ার কাছে সদর উপজেলার ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের (৬০) ওপর হামলা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি ইনামুল হক।
নিহত মোশাররফ উপজেলার কিসমত রাজাপুর গ্রামের মোকাম মণ্ডলের ছেলে। তিনি ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানান ওসি।
তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা প্রথমে তাকে গুলি করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।”
নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, শহরের পুরাতন কসবা এলাকার ভাড়া বাসা থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার উদ্দেশে মোশাররফ সকাল ১০টার দিকে মোটর সাইকেল নিয়ে বেরিয়েছিলেন।
আওয়ামী লীগ নেতা মিলন প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে জানান, দুটি মোটর সাইকেলে করে কয়েক দুর্বৃত্ত পেছন থেকে মোশাররফকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়।
“গুলিবিদ্ধ মোশাররফকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনেন শামসুল হক নামের এক ব্যক্তি। তিনি ইজিবাইকে করে শহরে আসার পথে এক স্কুলছাত্রের কাছ থেকে চেয়ারম্যানের আহত হওয়ার খবর পান। পরে শামসুলসহ ইজিবাইকের অন্য যাত্রীরা মোশাররফকে হাসপাতালে আনেন।”
বেলা সাড়ে ১১টায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন মোশাররফকে মৃত ঘোষণা করেন, বলেন মিলন।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা কোতয়ালি থানার এসআই শিহাবুর রহমান জানান, মোশাররফের পিঠে একটি গুলির চিহ্ন রয়েছে।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
