ফতুল্লায় শিশুকে গলাকেটে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। উপড়ে ফেলা হয় তার দুচোখ।
সোমবার সন্ধ্যায় ফতুল্লার পোস্ট অফিস এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর থেকে শিশুরটি লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত সুমন (০৪) ফতুল্লার রেললাইন এলাকার নুরুউদ্দিনের ছেলে। তারা ওই এলাকার শিখা রাণীর বাড়িতে ভাড়া থাকে।
ফতুল্লা থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিনকে (০৮) থানায় নেওয়া হয়েছে।
তবে, তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলে জানান তিনি।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরফুউদ্দিন জানান, রোববার সকাল ১০টার দিকে বাড়ি থেকে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুমন। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লার পোস্ট অফিস এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে প্রতিবেশী কাঞ্চন মিয়ার ছেলে রবিন চিৎকার করলে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।
তিনি বলেন, সুমনের দুচোখ উপড়ে ফেলা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
