কক্সবাজারে মালয়েশিয়াগামী ৩ ব্যক্তি উদ্ধার
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী তিন ব্যক্তিকে কক্সবাজারে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে এ অভিযানকালে পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধার হয়েছেন সুনামগঞ্জের জামালপুরের মৃত শহীদের ছেলে মনিরুল জামান (১৯), সাদেক মিয়ার ছেলে নাজমুল হাসান (১৯) ও গিয়াস উদ্দিনের ছেলে আবদুল আওয়াল (২০)।
আটক মোহাম্মদ জাহাঙ্গীর (৩৫) মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপড়া এলাকার মনজুর আলমের ছেলে।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের জন্য লোক জড়ো করা করার খবর পেয়ে সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।
প্রথমে তিন যুবককে উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পাচারকারী চক্রের ওই দালালকে আটক করা হয়।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান আবুল হোসেন
