কুড়িগ্রামে বিপুল মাদকদ্রব্য ধ্বংস
কুড়িগ্রামে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন জানান, সোমবার কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কার্যালয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
২০১২ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে ৪২৩টি অভিযানে মালিক ছাড়া এসব মাদকদ্রব্য বিজিবি জোয়ানরা আটক করেন।
আইনি প্রক্রিয়া শেষে আনুমানিক এক কোটি ৮৫ লাখ ৩০ হাজার ১০০ টাকা মূল্যের এই মাদকদ্রব্য ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান লে. কর্নেল জাকির।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৭৯৮ বোতল বিদেশি মদ, তিন হাজার ৪২১ বোতল ফেনসিডিল এবং ৩১৪ কেজি ২০০ গ্রাম গাঁজা।
এ সময় কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন ছাড়াও বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার আলী, মেজর এ টি এম হেমায়েতুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক নবাব আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
