গোপালগঞ্জে বাস খালে, চাচা-ভাতিজা নিহত
গোপালগঞ্জ সদর উপজেলায় বাস খালে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন, আহত হন অন্তত ৪৫ জন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, সোমবার বেলা পৌনে ১২টার দিকে সদর কাজুলিয়া এলাকায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার বটিয়াঘাটা উপজেলার রঞ্জিতরুলা গ্রামের মৃত আয়েনউদ্দিন শেখের ছেলে আনছার শেখ (৭০) ও ওমর আলী শেখের ছেলে মোস্তফা শেখ (৫০)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
আহতদের মধ্যে আলাউদ্দিন (৫৫) ও শাহী হাসান (১৭) নামে দুজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং বাকিদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত সবার বাড়ি বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।
ওসি জাকির বলেন, চারটি বাসে করে খুলনার বটিয়াঘাটা থেকে একদল লোক বরিশালের চরমোনাই এর বার্ষিক ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় একটি বাস সামনের চাকার রিং ভেঙে নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে খালে পড়ে যায়।
বাসটি পানি থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
