রংপুরে নাশকতার অভিযোগে কৃষকদল নেতা গ্রেপ্তার
বিএনপি জোটের অবরোধ-হরতালে নাশকতার চেষ্টার অভিযোগে রংপুরে কৃষকদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোতয়ালি থানার এসআই সিরাজুল ইসলাম জানান, সোমবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে শরীফ লাবলু লাবু (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
তিনি জাতীয়তাবদী কৃষকদল রংপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক বলে জানান এসআই সিরাজুল।
এসআই সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতার চেষ্টার সময় তাকে (লাবু) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার আরো দুটি মামলা রয়েছে।”
শরীফ স্থানীয় দৈনিক আখিরা পত্রিকার নগর প্রতিনিধি বলে জানান পত্রিকাটির সম্পাদক মাসুদ উর রহমান মিলু।
এর আগে রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা হামলা ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর মুখপত্র সংগ্রামের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
