গোপালগঞ্জে ডাকাতের হামলায় আহত ২
গোপালগঞ্জ সদরে একটি বাড়িতে ডাকাতির সময় গৃহকর্ত্রী ও এক প্রতিবেশী আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ আঙ্গুর বেগম (৩২) ও তার প্রতিবেশী আনোয়ার মোল্লাকে (৪২) গোপালগঞ্জ জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে।
একই রাতে ওই গ্রামের ব্যবসায়ী মিন্টু মোল্লার বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে ডাকাত দল।
বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম জানান, রাতে ওই গ্রামের সৌদি প্রবাসী হোসেন খানের বাড়িতে একদল দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশ্যে হানা দিয়ে দরজা খোলার চেষ্টা করে।
এ সময় হোসেনের স্ত্রী আঙ্গুর বেগমের চিৎকারে প্রতিবেশী আনোয়ার বেরিয়ে এলে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে। আঙ্গুর ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তাকেও মারধর করে পালিয়ে যায়।
