২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদমজী ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 04:15 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, রোববার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।

এদের মধ্যে রয়েছেন শ্রমিক নেতা ইকবাল হোসেন, আউয়াল, খোকন ও রকি। একজনের নাম জানা যায়নি।

আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

শ্রমিকরা জানান, কয়েকদিন ধরে এমসিএস টেক্সটাইল মিল লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলে ১৯ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া পরিশোধ করে।

রোববার আরও এক মাসের বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে এসে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান।

এতে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করার এক পর্যায়ে পুলিশ তাদের ইপিজেডের বাইরে বের করে দেয়।

এরপর শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়ার পর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১০ জন আহত হন।

এদিকে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান আদমজী শিল্প পুলিশের এএসপি মোহাম্মদ ফিরোজ কবির।

বকেয়া বেতনের বিষয়ে তাদের কিছু জানা নেই বলে জানিয়েছে পুলিশ।