র্যাবকে বোমা মারতে গিয়ে কব্জি গেল যুবকের
ফেনীতে বিস্ফোরণে কব্জি উড়ে গেছে এক যুবকের, তিনি বোমা মারতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বলে র্যাব দাবি করেছে।
বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধের মধ্যে শনিবার ভোরে জেলা শহরের রামপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন জানিয়েছেন।
বোমায় আহত মো. রহমান ভূঁইয়া বাবু (২২) শহরের পশ্চিম উকিলপাড়ার আলাউদ্দিন ভূঁইয়ার ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২০ দলের অবরোধের মধ্যে ফেনীতে প্রায় প্রতিদিনই বোমা ছোড়া ও গাড়িতে আগুন দেওয়ার মতো নাশকতা ঘটছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীও টহল জোরদার করেছে।
তবে এক্ষেত্রে ভোর ৪টার দিকে মাদকবিরোধী অভিযানের সময় র্যাবের গাড়ি লক্ষ্য করে বাবু বোমা ছুড়তে গিয়েছিলেন বলে মেজর মোজাম্মেলন জানান।
তিনি সাংবাদিকদের বলেন, রামপুর থেকে আটক ফেনসিডিল ব্যবসায়ী মো. কামরুল হাসানকে নিয়ে ক্যাম্পে ফেরার পথে আক্রান্ত হয় তাদের একটি গাড়ি।
“অবরোধ সমর্থক কয়েক যুবক হাতবোমা নিক্ষেপ করলে র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে তাদের ধাওয়া করে। এসময় বাবু পালাতে গিয়ে রাস্তায় পড়ে গেলে তার হাতে থাকা একটি বোমা ফেটে ডান হাতের কবজি উড়ে যায়।”
