পার্বত্য চট্টগ্রাম বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিলের দাবি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি।
মন্ত্রণালয়ের জারি করা ওই আদেশকে বৈষম্যমূলক উল্লেখ করে এটি বাতিল করা না হলে আইনের আশ্রয় নেওয়াসহ গণতান্ত্রিকভাবে আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন তারা।
শুক্রবার রাঙামাটিতে এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান এ ঘোষণা দেন।
পরে এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতারা।
সংবাদ সম্মেলনে আদিবাসী নেতারা রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপন স্থগিত, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে আদিবাসী শিক্ষার্থীদের জন্য কোটা বরাদ্দ এবং পার্বত্য চুক্তির অবাস্তবায়িত বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক লাল দেওয়ান, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য স্নেহ কুমার চাকমা, ইউকে জেং, জুমলিয়ান পাংখোয়া, মাংসানু চৌধুরী, নমিতা চাকমা প্রমুখ।
গত ৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে জানায়, কোনো দেশি-বিদেশি সংস্থা বা ব্যক্তি পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সঙ্গে সাক্ষত স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী/বিজিবির উপস্থিতিতে হতে হবে এবং ভ্রমণে ইচ্ছুক বিদেশি নাগরিকদের ভ্রমণের এক মাস আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতির আবেদন করতে হবে।
