মুন্সীগঞ্জে দুর্ঘটনায় একজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
মুন্সীগঞ্জ সদরে ট্রলির ধাক্কায় একটি অটোরিকশা পুকুরে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে; আর লৌহজং উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক নারী ও তার ছেলে।
বৃহস্পতিবার রাতে সদরের সুখবাসপুর এবং লৌহজংয়ের কনকসার গ্রামে এসব ঘটনা ঘটে।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম মিয়া জানান, মধ্যরাতে সদরের সুখবাসপুরে ট্রলির ধাক্কায় অটোরিকশা পুকুরে পড়ে এক যাত্রী ডুবে মারা গেছেন। আহত হয়েছেন আরো তিন জন।
নিহতের বয়স আনুমানিক ৩৮ বছর। তার পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- মো. সুজন (৩২), বাবুল (৪৫) ও তাইজুল ইসলাম (২৫)।
তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অটোরিকশাটি মুক্তারপুর থেকে টঙ্গীবাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রলির ধাক্কায় সেটি পুকুরে পড়ে গেলে ওই যাত্রী ডুবে মারা যান বলে পুলিশ কর্মকর্তা সেলিম জানান।
এদিকে রাতেই লৌহজং উপজেলার কনকসার গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার ছেলে মারা যান।
এরা হলেন-নাহিদা বেগম (৩৫) ও তার ছেলে মো. আব্দুল্লাহ (১৮)।
নিহত নাহিদার ভাই আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেনারেটরের তারে রাখা ভেজা কাপড় সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় আব্দুল্লাহ। তাকে রক্ষা করতে গিয়ে মাও জড়িয়ে যান।
দ্রুত দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
আব্দুল্লাহর চাচা আক্তার হোসেনের বিয়ের অনুষ্ঠান চলছিল সেখানে।
