২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেইল বই পেয়ে অভিভূত দৃষ্টিহীনরা

বসন্তের হঠাৎ বৃষ্টি অমর একুশে গ্রন্থমেলায় স্টল মালিকদের কিছুটা বিপাকে ফেললেও ধূলো দূর করার ক্ষেত্রে আবার কাজে দিয়েছে তা।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 12:18 AM

Updated : 12 Oct 2022, 03:18 PM

ফলে অন্যদিনের মতো বিরক্তিকর ধূলা বৃহস্পতিবার ছিলই না, বরং সকালে বৃষ্টির পর বিকালেও দু-এক জায়গায় পানি জমে থাকতে দেখা গেছে।

এদিন নজরুল মঞ্চে পূর্ব ঘোষণা অনুযায়ী দৃষ্টিহীনদের মাঝে বিনামূল্যে ব্রেইল বই বিতরণ করেছে স্পর্শ ব্রেইল প্রকাশনী।  স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে মাঝ বয়সী দৃষ্টিহীনরাও সংগ্রহ করেছেন তাদের পছন্দের বই।

বিকাল ৪টার দিকে মঞ্চে আসেন বই বিতরণীর মূল উদ্যোক্তা শিশু সাহিত্যিক নাজিয়া জাবীন, বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন, লেখক ও প্রকাশক মফিদুল হক, ছাড়াকার লুৎফর রহমান রিটন, ব্যাপ্টিস্ট মিশনের প্রধান শিক্ষক মমতা বৈরাগিসহ অন্যান্য অতিথিরা।

ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির একদল দৃষ্টিহীন শিক্ষার্থীসহ শহরের বিভিন্ন এলাকা থেকে আসা দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে ব্রেইল বই তুলে দেন তারা।

সন্ধ্যায় স্পর্শ ব্রেইল প্রকাশনার স্টলে দৃষ্টিহীনদের আড্ডায় স্ত্রী ইয়াসমিন হককে নিয়ে হাজির হন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। তার লেখা ‘গাব্বু’ বইয়ের দুটি ব্রেইল সংস্করণও নিয়ে আসেন সঙ্গে করে।

লেখকের আসার খবরে শুনে আনন্দে উচ্ছ্বসিত ছিলেন শিক্ষার্থীরা।

“আমরা খুবই অভিভূত, উদ্ভাসিত। আপনাকে দেখে আমরা আজকে প্রাণবন্ত হয়ে ওঠেছি। আপনার বই হয় তো আমরা পড়তে পারি না, কিন্তু প্রিয়জনদের কাছে শুনি, অনেক ভালো লাগে। আপনার উপস্থিতি আমাদেরকে কৃতজ্ঞ করেছে,” এভাবে বলতে থাকেন ব্যপ্টিস্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রী নাসরিন সুলতানা আঁখি। 

তার ভাষায়, “আপনারা আমাদের জন্য অনেক কিছু করছেন, আমরা তা বুঝতে পারি। আপনারা আপনাদের স্বপ্নের চেয়ে অনেক বড় হন, এটা আমাদের প্রত্যাশা।”

অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাছিমা আক্তার বলে ওঠে- “খুব ইচ্ছে ছিল আপনাকে (জাফর ইকবাল) দেখার। আজকে দেখা পেয়ে সত্যিই আমি অভিভূত।”

প্রিয় লেখককে একটি গানও গেয়ে শোনায় দৃষ্টিহীন শিক্ষার্থীরা।

নবম শ্রেণি পড়ুয়া রূপম তার প্রিয় লেখককে জানায়, বড় হয়ে একজন আইনজীবী হতে চায় সে। এ জন্য তার অনেক বই পড়া প্রয়োজন।

পরে জাফর ইকবাল সবার উদ্দেশে বলেন, আগামী বছর থেকে তার যত বই বের হবে এর প্রত্যেকটিরই ব্রেইল সংস্করণ করা হবে। এমনটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অডিও সংস্করণও করা হবে।

যেসব প্রকাশক এই প্রস্তাবে রাজি হবেন না, তাদেরকে বই ছাপাতে দেবেন না বলেও ঘোষণা দেন জাফর ইকবাল।

লেখিকা নাজিয়া জাবীন জানান, প্রথম দিনে মেলায় আসা ২৬ জন দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে বই বিতরণ করেছেন তারা। মেলার শেষ দিন পর্ন্ত যারা আসবেন তাদের একটি করে ব্রেইল বই দেওয়া হবে।

অবশিষ্ট বই ব্যাপ্টিস্ট স্কুলের অন্ধ শিক্ষার্থীদের জন্য পাঠানো হবে বলেও জানান তিনি।

নিজের উদ্যোগ সম্পর্কে নাজিয়া বলেন, ১৯৭২ সাল থেকে একাডেমি প্রাঙ্গণে মেলা হলেও দৃষ্টিহীনরা বরাবরই উপেক্ষিত ছিলেন। এই ধারা ভাঙতে ২০০৯ সালে সর্বপ্রথম মেলায় ব্রেইল বইয়ের স্টল চালু করা হয়।  

চলতি বছর মেলায় ‘বেগম রোকেয়া: আত্মজীবনী’, ‘লুই ব্রেইল: জীবনী’, ‘হেলেন কেলার: জীবনী’, ‘কাজী নজরুল ইসলাম: জীবনী’, মুক্তিযুদ্ধভিত্তিক কবিতার সংকলন ‘৭১ দেখব বলে’ এবং লুৎফুর রহমানের ছড়ার বই নিয়ে এসেছে স্পর্শ। 

স্পর্শের স্টলে উপস্থিত ‘৭১ দেখব বলে’ সংকলনের লেখিকা আইরিন সুলতানা জানান, দৃষ্টিহীনদের জন্য কিছু করার আগ্রহ থেকে তারা বইটির ব্রেইল সংস্করণ করেছেন। অন্য লেখক ও প্রকাশকরাও এভাবে এগিয়ে আসবে বলে তার আশা।

নতুন বই

মেলা ১৯তম দিন ৭৭টি নতুন বই এসেছে। এর মধ্যে ১১টি গল্প, ৮টি উপন্যাস, ২টি প্রবন্ধ, ২৫টি কবিতা ও দুটি ছড়ার বই রয়েছে।

মেলায় এদিন ১৯টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে বলে তথ্য কেন্দ্র থেকে জানানো হয়।

বিকালে মেলার মূল মঞ্চে বিজ্ঞানী মাকসুদুল আলম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন শামসুদ্দিন আহমদ। আলোচনায় অংশ নেন কামালউদ্দিন, ড. ফেরদৌসী বেগম এবং নূরুন্নাহার মুক্তা। সভাপতিত্ব করেন মোঃ শাহ-ই-আলম।

প্রাবন্ধিক বলেন, যে বয়সে অভিজ্ঞতা, দক্ষতা, প্রজ্ঞা সব মিলিয়ে একজন পরিপূর্ণ বিজ্ঞানী গবেষণা নির্দেশনা দিতে শুরু করেন, সে সময়ই মাকসুদুল আলম আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি তার জন্য বরাদ্দ সবগুলো কাজই গুছিয়ে করে গেছেন।