২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ৪

বিএনপির ডাকা অবরোধ ও হরতালের মধ্যে সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় চার যাত্রী দগ্ধ হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 11:38 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

বৃহস্পতিবার রাতে হাটিকুমরুল মোড় সংলগ্ন ঝাঐল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। দগ্ধদের স্থানীয় সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- টাঙ্গাইলের খলিলুর রহমান (৩১), মির্জাপুরের সজীব হোসেন (২৭), গাইবান্ধার রুস্তম আলী (৪০) ও  মহসিন হোসেন।  

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি হেলাল উদ্দিন জানান, রাত ৮টার দিকে ঢাকা থেকে রংপুরগামী চলনবিল নামের একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা । এতে ওই চারজন দগ্ধ হন এবং বাসটির সামনের কয়েকটি আসন পুড়ে যায়।

সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শংকর পাল জানান, রাত সাড়ে ৮টার দিকে দগ্ধ চারজনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। 

এদের মধ্যে খলিলুর মাথায় আঘাত পেয়েছেন, অন্যদের হাত-পা ও শরীরের কয়েকটি অংশ পুড়ে গেছে। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।