২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিদগ্ধদের সহায়তায় আগ্রহী চীন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের অগ্নিদগ্ধ রোগীদের সহায়তায় আগ্রহ প্রকাশ করেছেন চীনের নতুন রাষ্ট্রদূত মা মিংকিং।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 10:00 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

বৃহস্পতিবার গণভবনে সৌজন্য সাক্ষাতে তিনি এই আগ্রহ প্রকাশ করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেছেন, তারা বার্ন ইউনিটের জন্য কিছু করতে চায়। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে বার্ন ইন্সটিটিউট দরকার।

বিএনপি জোটের চলমান অবরোধে নাশকতায় অগ্নিদগ্ধ হওয়ায় বাংলাদেশের হাসপাতালের বার্ন ইউনিটে চাপ বেড়েছে। এই প্রেক্ষাপটে নতুন কয়েকটি হাসপাতালে বার্ন ইউনিট প্রতিষ্ঠঅ করা হয়েছে।

বার্ন ইউনিটগুলোর জন্য আরও সরঞ্জাম এবং বিশেষজ্ঞের প্রয়োজনীয়তার কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন বলে জানান শামীম চৌধুরী।

বাংলাদেশের উন্নয়নে চীনকে অন্যতম অংশীদার হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের আরও বিনিয়োগের আহ্বান জানান।

চীনের নতুন রাষ্ট্রদূত তার দেশের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে এ বিষয়ে তথ্যের প্রয়োজনীতার কথাও বলেন বলে জানান শামীম চৌধুরী।

শুরুতেই প্রধানমন্ত্রী চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান। মিংকিংও তার দেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বের ভিত্তি রচিত হয়েছে উল্লেখ করেন রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে মিংকিং বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বৈঠকে জয়েন্ট ওয়ার্কিং টাস্ক ফোর্সের বিষয়েও আলোচনা হয়। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে চীন থেকে উচ্চ ফলনশীল ধানের প্রযুক্তি আনার বিষয় আলোচনা হয়।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।  

ইতালির উপমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশের ‘ব্লু ইকোনমিতে’ ইতালির সহায়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফররত ইতালীর উপ-পররাষ্ট্রমন্ত্রী বেনেদেত্তো দেল্লা ভেদোভার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ‘ব্লু ইকোনমিকে’ বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসাবে উল্লেখ করে বলেছেন, তেল, গ্যাস, মৎস্যসহ অন্যান্য খনিজ পদার্থ আহরণে ইতালি বিনিয়োগ করতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির উপমন্ত্রী।

দ্রুত উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতালির আরও বিনিয়োগের ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বাজার বাড়ছে। জনগণের চাহিদা বাড়ছে। সুতরাং বাংলাদেশে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী বাংলাদেশের বিনিয়োগ-বান্ধব পরিবেশ ও সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার কথা ইতালির মন্ত্রীর কাছে তুলে ধরেন।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ভেদোভা ‘গ্রিন টেকনোলজি’ স্থানান্তরের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশের সাশ্রয়ী শ্রমের কথা উল্লেখ করেন।

তিনি দুই দেশের বিনিয়োগকারীদের সফরের কথাও বলেন।

ইতালিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী।

ইতালিতে বসবাসরত এক লাখ ২০ হাজার বাংলাদেশিকে শান্তিপ্রিয় ও পরিশ্রমী উল্লেখ করে ভেদোভা বলেন,  প্রবাসী বাংলাদেশিরা ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এদিকে বাণিজ্য বৈষম্য কমাতে বাংলাদেশে রপ্তানি ইতালি আরও বাড়াতে চায় বলে উপমন্ত্রী জানান। প্রযুক্তি খাতে রপ্তানি বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।

আগামী মে মাস থেকে মিলানে হতে যাওয়া ছয় মাসব্যাপী এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনাকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানান ইতালির উপমন্ত্রী।