পেট্রোল বোমা থেকে রক্ষার প্রযুক্তি ইয়ামিনের
সমসাময়িক বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনের জন্য খ্যাতি পাওয়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) তরুণ বিজ্ঞানী ফারুক বিন হোসেন ইয়ামিন এবার উদ্ভাবন করেছেন পেট্রোল বোমার আগুন থেকে রক্ষার প্রযুক্তি।
বৃহস্পতিবার দুপুরে বারি চত্বরে সাংবাদিকদের সামনে ইয়ামিন তার উদ্ভাবিত প্রযুক্তির বিভিন্ন দিক ও প্রয়োগ পদ্ধতি তুলে ধরেন।
পরে খোলা মাঠে তিনি নিজে পেট্রোল বোমা ছুড়ে তার উদ্ভাবনের পরীক্ষা করে দেখান।
ইয়ামিন বলেন, পেট্রোল বোমার আগুন থেকে জীবন ও পরিবহন সুরক্ষিত রাখার কোনো সহজ ও কম মূল্যের লাগসই প্রযুক্তি দেশে বর্তমানে নেই। এ চিন্তা থেকেই সাধারণের জীবন রক্ষায় এই সহজ কার্যকর প্রযুক্তি উদ্ভাবন করেছেন।
একটি বড় বাসে এ প্রযুক্তি ব্যবহারের জন্য মাত্র ৪০০-৫০০ টাকা খরচ হবে বলে জানান তিনি।
তিনি জানান, যানবাহনের জানালার কাচের দুপাশ তিন ইঞ্চি চওড়া স্বচ্ছ স্কচটেপ দিয়ে লেমিনেশন করে নিতে হবে, যা পেট্রোল বোমার আঘাতে জানালার কাচ ভাঙা ঠেকাবে এবং ভাংলেও কাচের টুকরা ভিতরে ছিটকে পড়া রোধ করবে। এটি পেট্রোল ও আগুন ছড়িয়ে পড়াও রোধ করবে।
এটি ব্যবহারে পেট্রোল বোমার ক্ষতি ৭০ শতাংশ রোধ করা সম্ভব বলে ইয়ামিন মনে করেন।
দ্বিতীয় পর্যায়ে জানালার ভেতরে বিশেষ পর্দা ব্যবহার করা হয়।
পরে রোদে শুকিয়ে কাইয়ের প্রলেপযুক্ত কাপড় পর্দা হিসেবে ব্যবহার করতে হবে গাড়ির জানালার ভেতরে।
কাইয়ের মিশ্রণটি তৈরি করতে এক কেজি চক পাউডারের সঙ্গে এক লিটার পানি ও ২৫০ গ্রাম আঠা বা গাম প্রয়োজন হবে। আর পরিমাণ বেশি প্রয়োজন হলে ওই অনুপাত ঠিক রেখে মিশ্রনটি তৈরি করে নেওয়া যাবে।
তিনি বলেন, বিশেষ পর্দাটি অতি উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন হওয়ার কারণে নিক্ষিপ্ত পেট্রোল বোমার পেট্রোল বা অকটেন দ্রুত শুষে নেবে এবং এতে তেল কম ছড়িয়ে পড়বে।
বোমার কিছু অংশ বাসের জানালার কাচ বেঙে ভেতরে ঢুকলেও তা পর্দায় বাধা পাবে।
এ সময় বারির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডল, পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ জালাল উদ্দিন, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. রওশন আলী, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, ড. মো. মিয়ার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডল বলেন, বারির এ তরুণ বিজ্ঞানীর উদ্ভাবনী শক্তি অনেক বেশি। যখনই কোনো সমস্যা দেখা দেয়, তখনই তিনি সমসাময়িক ওই সমস্যার সমাধানে কাজ শুরু করেন এবং একটা প্রযুক্তি উদ্ভাবন করে ফেলেন, সেটা কৃষি ক্ষেত্রেই হোক আর কৃষিবহির্ভূত বিষয়েই হউক।
এর আগে ইয়ামিন সমুদ্র বা নদীতে ছড়িয়ে পড়া অনাকাঙ্ক্ষিত তেল শোষণের প্রযুক্তি, পানিতে ডুবে যাওয়া জাহাজ, নৌকা বা অন্যকোনো বস্তুর অবস্থান নির্ণয়ের প্রযুক্তি, মাটির আর্দ্রতা নির্ণয়ের প্রযুক্তি, এক টাকায় ফরমালিন পরীক্ষার প্রযুক্তি ও শাক-সব্জি ও ফল-মূল টাটকা রাখার মাটির ফ্রিজ উদ্ভাবন করেন।
