২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক খাতের শেয়ারে ঊর্ধ্বমুখী প্রবণতা

প্রায় চার বছর পর নড়েচড়ে উঠেছে ব্যাংক খাতের শেয়ার। এতোদিন দু’একটি শেয়ারের দাম বাড়ার চিত্র দেখা গেলেও সর্বশেষ লেনদেন চিত্র বলছে- ‘চাঙা হচ্ছে ব্যাংক খাতের শেয়ার’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 08:35 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

বুধবারের বাজার পর্যালোচনায় দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন হওয়া ব্যাংক খাতের ৮০ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, যার মধ্যে চারটি ব্যাংক উঠে এসেছে শীর্ষ দশে।

ব্যাংকগুলো ভালো লভ্যাংশ দেবে- এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা এ খাতের দিকে ঝুঁকছেন বলে মনে করেন বাজার বিশ্লেষকরা।

বাজার বিশ্লেষক ফনিক্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর অর্থবছর শেষ হয়েছে ডিসেম্বরে। আর কয়েক দিন পর থেকেই তালিকাভুক্ত ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণা শুরু হবে।

“এই লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে ব্যাংক খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। ঋণ পুনঃতফসিলের কারণে ব্যাংকগুলোর মুনাফা বেড়েছে। গত বছরের চেয়ে বেশি লভ্যাংশ দেবে- এমনটা ভেবে সবাই ব্যাংকের শেয়ারের দিকে ঝুঁকেছে।”

সে কারণেই দীর্ঘদিন পর ব্যাংক খাতের শেয়ারের দর বাড়ছে বলে জানান এই বাজার বিশ্লেষক।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। দিনশেষে সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স সূচক হয়েছে ৪ হাজার ৮০২ পয়েন্ট।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৪টির দামই কমেছে; বেড়েছে ১৩৫টির; অপরিবর্তিত ছিল ৩১টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন হাতবদল হয় ২৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা বেশি ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ২১ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৯৩০ পয়েন্ট।

বুধবার ডিএসইতে যে চারটি ব্যাংক লেনদেন তালিকায় শীর্ষ দশে ছিল তার মধ্যে এবি ব্যাংকের অবস্থান ছিল তৃতীয় স্থানে। এদিন এই ব্যাংকের দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ১৪ শতাংশ। ১৭ লাখ ৮২ হাজার ৮২৮টি শেয়ার এক হাজার ২৮৪ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ছিল ৫ কোটি ৩৭ লাখ টাকা।

ট্রাস্ট ব্যাংক ৮০ পয়সা বা ৪ দশমিক ৩০ শতাংশ দর বেড়ে শীর্ষদশে পঞ্চম স্থানে রয়েছে। এদিন ব্যাংকের ৬ লাখ ২১ হাজার ৯৮৯টি শেয়ার এক হাজার ৩৭২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ছিল ১ কোটি ১৯ লাখ টাকা।

এই খাতের সিটি ব্যাংক তালিকার সপ্তম স্থানে রয়েছে। এই ব্যাংকের দর বেড়েছে ৭০ পয়সা বা ৩ দশমিক ২৩ শতাংশ।

এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর ১ টাকা বা ৩ দশমিক ২৮ শতাংশ দর বেড়ে তালিকার নবম স্থানে রয়েছে।

বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৩০টি।

২০১০ সালের ধসের পর ব্যাংকগুলোর শেয়ারের দর তেমন বাড়েনি; উল্টো কমেছে। অন্যান্য খাতের শেয়ারের দাম বাড়লেও ব্যাংকের শেয়ারের দাম তেমন ওঠা-নামা করেনি।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, কিছু শেয়ারের দাম ২০১০ সালের ধসের আগে যে উচ্চতায় ছিল তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। তবে ব্যাংকের শেয়ারের ক্ষেত্রে তেমনটি দেখা যায়নি।

বুধবার শীর্ষদশে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৪ দশমিক ৫৫ শতাংশ, আইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ফান্ডের ২০ পয়সা বা ৪ দশমিক ৩৫ শতাংশ, ন্যাশনাল টির ৪ দশমিক ১১ শতাংশ, রেকিট বেনকিজারের ৩ দশমিক ৬৯ শতাংশ,  বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ২ দশমিক ৯০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের শেয়ারবাজার ব্যাংক খাতের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ শেয়ার ধারণ করে। সে কারণে ব্যাংকের শেয়ারের দর বাড়লে বাজারও চাঙ্গা হবে- এটাই স্বাভাবিক।”