পুলিশ বক্সে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ২
বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ ও হরতালে নারায়ণগঞ্জ শহরে একটি পুলিশ বক্সে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বুধবার হাজীগঞ্জ এলাকায় এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আটক মো. আমিন ও মোহাম্মদ হাবিবের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, ভোর সাড়ে ৬টার দিকে শহরের হাজীগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে ওই পুলিশ বক্সে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল বোমা মারে।
বোমাটি পুলিশ বক্সের দরজায় লেগে নীচে পড়ে সামান্য আগুন লাগে। ওই সময় ফজরের নামাজ শেষে ফেরার সময় স্থানীয় মুসল্লিরা আগুন নিভিয়ে ফেলে।
এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে ধাওয়া দিয়ে আমিন ও হাবিবকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া আরও জানান, ঘটনার সময় কোনো পুলিশ সদস্য বক্সে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
