২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু জিহাদের মৃত্যু: এক আসামির জামিন স্থগিত

পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় আব্দুস সালাম নামে এক আসামির জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 10:29 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তিন সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেন।

আব্দুস সালাম শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআর এর মালিক। গত ৯ ফেব্রুয়ারি হাই কোর্টের একটি বেঞ্চ সালামকে চার সপ্তাহের আগাম জামিন দেয়।

রাষ্ট্রপক্ষের আবেদনে এই স্থগিতাদেশ আসে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী। আব্দুস সালামের পক্ষে ছিলেন আইনজীবী মো. মুনসুরুল হক চৌধুরী।  

মাসুদ হাসান চৌধুরী সাংবাদিকদের জানান, জামিন স্থগিত হওয়ায় সালামকে এখন নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

গত ২৬ ডিসেম্বর শাহজাহানপুরে রেল কলোনিতে একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যায় চার বছরের জিহাদ।

প্রায় ২৩ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানে অনেক নিচে ক্যামেরা নামিয়েও ফায়ার সার্ভিস কোনো মানুষের ছবি না পাওয়ায় পাইপে জিহাদের অস্তিত্ব থাকা নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে অভিযান স্থগিতের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

এর কয়েক মিনিটের মধ্যে কয়েকজন তরুণের তৈরি করা যন্ত্রে পাইপের নিচ থেকে তুলে আনা হয় জিহাদের লাশ।

এ ঘটনায় ২৮ ডিসেম্বর মামলা করেন জিহাদের বাবা নাসির ফকির। মামলায় আব্দুস সালামের পাশাপাশি রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে আসামি করা হয়।