নোয়াখালীতে ২ মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালী সদরে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন, আহত হন একজন।
সোমবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনামুল হকের ছেলে ইসমাইল হোসেন (২৮) ও একই এলাকার আবদুল মান্নানের ছেলে মমিনুর রহমান তারেক (২২)। এরা দুজনের নোয়াখালী সরকারি কলেজের ছাত্র।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন বলেন, ইসমাইল ও তারেক ধর্মপুর ইউনয়ন ছাত্রলীগের নেতা ছিলেন। মাইজদীতে অবরোধ হরতাল বিরোধী মিছিল শেষে বাড়ি ফিরছিলেন তারা।
আহত আবুল হাশেমকে (২২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে ইসমাইল, তারেক ও হাশেম একটি মোটরসইকেলে জেলা শহর মাইজদী থেকে বাড়ি ফিরছিলেন।
সোনাপুর-ভাটিরটেক সড়কের বাংলা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে সময় ইসমাইল, তারেক ও হাশেম গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইসমাইল ও তারেককে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, দুজনের মরদেহ হাসপাতাল থেকে স্বজনরা নিয়ে গেছেন।
