বেনাপোল চেকপোস্টে তালিকাভুক্ত সন্ত্রাসী আটক
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে আটক করা করেছে পুলিশ।
বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান, সোমবার সকালে চেকপোস্টের ইমিগ্রেশন এলাকা থেকে জয়নাল হোসেনকে আটক করা হয়।
জয়নাল কুষ্টিয়া জেলা শহরের আব্দুল মজিদের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, জয়নাল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক পাচার ও একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
"তার বাড়ি কুষ্টিয়া হলেও যশোরের চাঁচড়া বটতলা এলাকায় থেকে মাদক বিক্রিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।"
চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, দেশব্যাপী নাশকতা ও অরাজকতা সৃষ্টিকারীসহ সন্ত্রাসী ও আসামিরা যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্ক রয়েছে ইমিগ্রেশন পুলিশ।
সকালে জয়নাল পাসপোর্টসহ স্থানীয় এক দালালের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ইমিগ্রেশনে অন্য লোকের মাধ্যমে পাসপোর্ট এন্ট্রি করতে দিলে কৌশলে তাকে আটক করা হয় বলে তিনি জানান।
