২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যুবদল নেতার বসতঘরে অগ্নিসংযোগ

নোয়াখালী সদর উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে এক যুবদল নেতার বাড়ি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 07:06 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

রোববার রাতে কালাদরাফ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল ওহাবের বাড়িতে এ ঘটনা ঘটে।

এর আগে দুর্বৃত্তরা তাদের ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

ওহাব বলেন, রাত ৯টার দিকে ২০ থেকে ২৫ জন মুখশধারী সশস্ত্র দুর্বৃত্ত বাড়িতে হানা দেয়। তারা তাকে না পেয়ে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এক পর্যায়ে তার ও চাচার দুটি বসতঘরে গিয়ে সদস্যদের অস্ত্রের মুখে বাইরে জিম্মি করে রাখে।

পরে তারা দুই ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হাতবোমা ফাটিয়ে চলে যায়। বাড়ির সদস্যদের চিৎকার এবং আগুনের লেলিহান শিখা দেখে আশাপাশ থেকে লোকজন ছুটে আসে, কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

দুই ঘর পুড়ে প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

কালাদরাফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, অটোরিকশায় করে এসে সন্ত্রাসীরা  আবদুল ওহাবের বাড়ির দুটি বসতঘর জ্বালিয়ে দেয়। তবে কারা এবং কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আবদুল ওহাবের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে শুনেছেন।

এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।