প্লট দুর্নীতি: আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
প্লট বরাদ্দে দুর্নীতির একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন বলে কমিশনের অন্যতম আইনজীবী কবির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বাকি চার আসামি হলেন- সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির,গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান।
মামলার এজাহারভুক্ত আসামি সাবেক উপ-পরিচালক (ভূমি) মো. আজহারুল হকের (বর্তমানে সদস্য-ভূমি) বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে অভিযোগপত্রে।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত বছর ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করে দুদক।
অভিযোগপত্রে বলা হয়েছে, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৬ সালে মন্ত্রী-প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ‘ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে’ ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজারমূল্যের চেয়ে কম দামে প্লট বরাদ্দ দেয়।
সরকারের ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সাত একর সম্পত্তি মাত্র ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় বরাদ্দ দেওয়ায় সে সময় রাষ্ট্রের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি হয় এবং আসামিরা ওই অর্থ আত্মসাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
