নোয়াখালীতে ছাত্রদল নেতাসহ আটক ৩৬, ভাংচুর-বোমাবাজি
অবরোধ-হরতালে নাশকতার অভিযোগে নোয়াখালীতে ছাত্রদলের নেতাকর্মীসহ ৩৬ জনকে আটক করার পর ভাংচুর ও বোমাবাজি হয়েছে।
পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত মাইজদী, কোম্পানীগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবির যৌথদল অভিযান চালিয়ে এদের আটক করে।
আটকদের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৫ জন রয়েছে। তাদের সবার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলে পুলিশ সুপার জানান।
আটকদের মধ্যে সাতজন ছাত্রদল নেতাকর্মী। এরা হলেন- ছাত্রদলের নোয়াখালী শহর শাখার সভাপতি মিজানুর রহমান, নোয়াখালী সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আজগর উদ্দিন দুখু, ছাত্রদলের পৌর কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন সুমন, আরিফ, সুজন, আবু সাদেক জুয়েল ও রায়হান।
এদিকে নেতাকর্মীদেরকে আটকের খবর ছড়িয়ে পড়লে কোম্পানীগঞ্জে বসুরহাট বাজারে ঝটিকা মিছিল করে ছাত্রদল কর্মীরা। মিছিল থেকে বসুরহাট বাসস্ট্যান্ডের সামনে একটি মাইক্রোবাস ও আটটি অটোরিকশা ভাংচুর করা হয়। দোকানপাটে ছোড়া হয় ঢিল।
এ সময় মিছিলকারীদের ছোড়া হাতবোমায় মাইক্রোবাসের আরোহী আলমগীর আহত হন। তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের সার্কিট হাউাজ সড়ক থেকে ছাত্রদলের মিজানুর, আজগর, জুয়েল ও রায়হানকে আটক করা হয়। এরা আতশবাজি ও হাতবোমা মজুত করে নাশকতার পরিকল্পনা করছিল।
ছাত্রদল নেতা মিজানুরকে আটকের পর অসুস্থ হয়ে পড়লে তাকে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে বসুরহাট পৌর ৯ নম্বর ওয়ার্ড থেকে ছাত্রদলের পৌর কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন সুমন, আরিফ ও সুজনকে আটক করে পুলিশ।
তাদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান।
জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানের অভিযোগ, রাজনৈতিকভাবে ‘হয়রানির উদ্দেশ্যে বিনা অপরাধে’ তাদের নেতাকর্মীদের আটক করেছে পুলিশ।
