মাগুরায় পুলিশের সঙ্গে ‘সংঘর্ষ’, বিএনপিকর্মী নিহত
মাগুরার শালিখা উপজেলায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের ‘সংঘর্ষে’ গুলিবিদ্ধ হয়ে এক বিএনপিকর্মী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ছয়ঘরিয়ায় এ ঘটনায় শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও পুলিশের দাবি।
বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের মধ্যে এই ‘সংঘর্ষ’র পর ঘটনাস্থল থেকে চারটি পেট্রোল বোমা উদ্ধারের কথাও পুলিশ জানিয়েছে।
নিহত মশিউর রহমান (৪০) ছয়ঘরিয়া এলাকার প্রয়াত গোলাম নবীর ছেলে।
মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, অবরোধকারীরা মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় সংঘবদ্ধ হয়ে যানবাহন ভাংচুর ও পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা করছিল।
“খবর পেয়ে শালিখা থানা পুলিশ সেখানে পৌঁছে সহিংস কর্মকাণ্ড থেকে তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে ও গুলি চালায়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড শট গানের গুলিবর্ষণ করে। সংঘর্ষ চলাকালে অবরোধকারী মশিউর রহমান গুলিবিদ্ধ হন।”
মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মশিউরকে মৃত ঘোষণা করেন।
তবে পুলিশের গুলিতে মশিউরের মৃত্যু হয়েছে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি পুলিশ সুপার।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মজিদ মমতাজ জানান, নিহতের হাঁটুতে গুলি বিঁধেছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
শালিখা থানা বিএনপি সহ-সভাপতি ও শতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনার দাবি, তাদের দলের এ কর্মী স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পুলিশ তাকে বিনা কারণে গুলি চালিয়ে হত্যা করেছে।
