হরতাল-অবরোধে বিপাকে বগুড়ার সবজিচাষি
অবরোধ-হরতালে নাশকতার আশঙ্কায় পরিবহন সংকটের কারণে বগুড়া থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সবজি সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে।
এ কারণে চাষিরা কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে লাভ তো দূরের কথা উৎপাদন খরচও উঠছে না কারও কারও।
বগুড়ার বড় শব্জি বাজারের সবচেয়ে বড়গুলোর মধ্যে রয়েছে মহাস্থান হাট, নয় মাইল হাট ও মোকামতলা।
এসব বাজার থেকে আগে প্রতিদিন শতাধিক ট্রাক রাজধানীসহ দেশের অন্যান্য জেলায় যাতায়াত করলেও এখন তা কমে গেছে।
বগুড়ায় পেট্রোল বোমায় বেশ কয়েকজন ট্রাকচালক, হেলপার ও ব্যবসায়ী দগ্ধ হওয়ার পর শ্রমিক ও গাড়িমালিকরা আতংকিত হয়ে পড়েছেন।
সবজি ব্যবসায়ীরা জানান, মহাসড়কের পাশেই মহাস্থান, নয় মাইল ও মোকামতলা শব্জি বাজার।
জেলার বিভিন্ন এলাকা থেকে এসব বাজারে প্রতিদিন শত শত মন আলু, বেগুন, শিম, টমেটো, গাজর, কপি, কলা, কাঁচা মরিচ আনা হয়।
স্বাভাবিক সময়ে বগুড়া থেকে সবজি নিয়ে শতাধিক ট্রাক বিভিন্ন জেলায় গেলেও হরতাল-অবরোধে মালিকরা ট্রাক রাস্তায় নামাচ্ছেন না। চালকদের কেউ কেউ ভয়ে গাড়িতে উঠছেন না। তবে, দুয়েকজন জীবনের ঝুঁকি নিয়ে মালামাল বহন করছেন।
মাইল হাট ও মোকামতলার বাজারে ঢাকার সাভার থেকে এসেছেন সবজি ব্যবসায়ী আহমেদ আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কম দামে শব্জি কিনলেও ট্রাক ভাড়া অনেক বেশি। তাই লাভ খুব একটা বেশি যে হবে তা কিন্তু নয়।
চট্টগ্রামের ব্যবসায়ী হাসেম আলী জানান, স্বাভাবিক সময়ে বগুড়া থেকে চট্টগ্রামের ট্রাক ভাড়া ২৫ হাজার টাকা হলেও এখন তা দ্বিগুণ হয়েছে।
ফুলকপি চাষি গোকুলের আবেদ আলী জানান, “প্রতি কেজি ফুলকপি ৫ টাকা দরে বিক্রি করছি। গত বছর এসময় একই ফুলকপি ২০ থেকে ৩০ টাকা কেজি বিক্রি করা হতো।”
তবে আস্তে আস্তে রাস্তায় ট্রাক চলাচল বাড়ায় সবজির দামও বাড়তে শুরু করেছে বলে জানান তিনি।
মহাস্থান হাটের ইজারাদার ফিরোজ আহমেদ রিজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাভাবিক সময়ে মহাস্থান শব্জি বাজার থেকে প্রায় শতাধিক ট্রাক রাজধানী শহর, দেশের অন্যান্য অঞ্চলে গেলেও এখন প্রতিদিন ৫০ থেকে ৬০টি ট্রাক যাতায়াত করছে।
গত ৫ জানুয়ারি অবরোধ শুরুর টর প্রথম ১৫ দিন ট্রাক চলাচল একবারেই কমে গিয়েছিল। তবে মহাসড়কে আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তা জোড়দার হওয়ায় এখন সবজি বোঝাই ট্রাক যাতায়াতের সংখ্যা বাড়ছে।
