বাসচাপায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার মৃত্যু
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের এক স্থানীয় কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে নৈকাঠি বাজার এলাকায় পিরোজপুর-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়াররুল ইসলাম (৩৫) অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাজাপুর ও কাউখালি উপজেলার বিক্রয় ব্যবস্থাপক ছিলেন।
রাজাপুর থানার পরিদর্শক (ওসি অপারেশন) মাসুদুজ্জামান জানান, নিহত আনোয়ারুলের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। পিরোজপুরের কাউখালীতে ভাড়া বাসায় স্ত্রীসহ থাকতেন তিনি।
“আরোয়ারুল ও তার স্ত্রী কনিকা বেগম সকালে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি বাস আনোয়ারুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
কনিকা জানান, রোববার তাদের প্রথম বিয়ে বার্ষিকী। কাউখালীর বাসায় গিয়ে তাদের বিয়ে বার্ষিকী পালন করার কথা ছিল। এ জন্য পিরোজপুর থেকে কাজ সেরে এসে তারা কাউখালী যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন।
