সৎ মাকে হত্যার দায়ে যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে সৎ মাকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আসামি সুরুজ আলী (২২) সদর উপজেলার জামাদারপাড়ার শাহ আলমের ছেলে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিতে পারলে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে সুরুজ আলী ২০১৩ সালের ২৭ মে তার সৎ মা জলি বেগমকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সুরুজ আলী ও তার স্ত্রী অ্যানি বেগমকে (১৮) আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই দুলাল উদ্দীন ওই বছর ৩১ জুলাই অ্যানিকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে সুরুজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
প্রায় দেড় বছর বিচার চলার পর আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক সাজা ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জবদুল হক জানান।
