ঠাকুরগাঁওয়ে ২০ দলের বিক্ষোভ থেকে সংঘর্ষ, আটক ২৬
ঠাকুরগাঁও সদরে বিক্ষোভ সমাবেশ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি-জামায়াতের কর্মীরা।
শনিবার সন্ধ্যার দিকে চৌরাস্তা এলাকায় এ ঘটনার পর জোটের ২৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী জানান, বিকেলে বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের দিকে ইট ছোড়া হয়। এক পর্যায়ে পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে পুলিশ লাঠিপেটা করে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে ৩৪ জনকে আটক করা হলেও এদের মধ্যে থেকে আট জনকে শেষ রাতের দিকে ছেড়ে দেয়া হয়।
ওই আট জনকে তদবির ও অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠলেও তা অস্বীকার করে পুলিশ সুপার বলেন, “তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আটক ওই আট জনের কেউ কেউ দোকান কর্মচারী, আবার কেউ কেউ পরীক্ষার্থী ছিলেন।”
আটকদের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সুলতানুন ফেরদৌস নম্র চৌধুরী, সদর বিএনপির সভাপিত আনোয়ার হোসেন লালও রয়েছেন।
স্থানীয়রা জানায়, শনিবার বিকালের দিকে ২০ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ চলাকালে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর পুলিশ, বিজিবি ও র্যাব লাঠিপেটা শুরু করে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভে থাকা নেতা-কর্মীরা।
সন্ধ্যার দিকে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এ সময় বিক্ষোভস্থলের পাশে বিএনপি কার্যালয়ে আটকে পড়া ভাইস চেয়ারম্যান আমিনুর, বিএনপি নেতা সুলতানুন ও আনোয়ারসহ ২৬ জনকে আটক করে পুলিশ। সন্ধ্যার পর আরও আটজনকে আটক করা হয়।
এদিকে ৩৪ নেতাকর্মী আটকের খবরে শহরের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ চলতে থাকে। পরে রাত ১২ টার দিকে র্যাব-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপি নেতাদের অভিযোগ, আটকদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও তাদের ছাড়াতে পুলিশ জনপ্রতি বিপুল পরিমাণ অর্থ দাবি করেছে। অর্থ দিতে না পারলে তাদের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়েছে।
