২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকে পেট্রোল বোমায় একজন দগ্ধ

চট্টগ্রামে জোরারগঞ্জ থানা এলাকায় একটি ট্রাকে অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রোল বোমায় চালকের সহকারী দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 11:34 AM

Updated : 26 Jul 2022, 11:55 AM

রোববার ভোরে বারৈয়াহাটে চট্টগ্রাম-রামগড় সড়কে রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

আহত নজরুল ইসলামকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানিয়েছেন।

ট্রাক চালকের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কুমিল্লা থেকে ভূষি নিয়ে চট্টগ্রাম আসার পথে বারৈয়াহাট রেল ক্রসিং এলাকায় তাদের ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

নজরুলের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে বলে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. মৃণাল কান্তি দাশ জানিয়েছেন।

ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা সম্পর্কে অবগত নন জানিয়ে জোরারগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেছেন, এ বিষয়ে খোঁজ নিচ্ছেন তারা।

গত ৫ জানুয়ারি থেকে সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি-জামায়াত জোট। অবরোধে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপে দগ্ধ হয়ে অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বহু মানুষ।