গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
গাজীপুরের পূবাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
নিহত তন্ময় (১২) টঙ্গীর পাগারের আটারকল এলাকার বাবুল মিয়ার ছেলে।
পূবাইল পুলিশ ফাঁড়ির এসআই মো. একরামুল হক জানান, শনিবার বিকাল পৌনে ৪টার দিকে পূবাইলের মাঝুখান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত তন্ময়ের বড় বোন তন্নীকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপরজনের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এসআই একরামুল বলেন, বিকালে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস টঙ্গীগামী ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে এর তিন আরোহী ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটি তন্ময়কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তন্নীকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তবে আহত অপরজনের নাম ও অবস্থান সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি বলে জানান এসআই একরামুল।
তন্ময়ের বাবা বাবুল মিয়া বলেন, "দুর্ঘটনার আধা ঘণ্টা আগে বেড়ানোর কথা বলে তন্ময় ও তন্নী বাড়ি থেকে বের হয়। পরে ৪টার দিকে দুর্ঘটনার খবর পাই।"
