২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পেট্রোল পাম্পে হামলা, ট্রাকে আগুন

বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধে ফেনীর দাগনভূঞায় একটি পেট্রোল পাম্পে হামলা করে যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 06:49 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সাল জানান, শুক্রবার ভোরে ফেনী-নোয়াখালী মহাসড়কে সততা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

এ সময় দুইটি তেলের গাড়িসহ পাম্পে থাকা পাঁচটি গাড়ি ভাংচুর এবং একটি ট্রাকে আগুন দেওয়া হয়। ভাংচুর করা হয় পাম্পের সামনে থাকা তেল বিতরণের দুটি মেশিন।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে দাগনভূঞার ওসি আবুল ফয়সাল জানান।

ক্ষতিগ্রস্ত পাম্প মালিক উত্তম কুমার বলেন, ভোর ৫টার দিকে ১০/১২ জনের মুখোশধারী দুর্বৃত্ত অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা দুটি তেলের গাড়িসহ পাঁচটি গাড়ির গ্লাস এবং পাম্পের সামনে তেল বিতরণের দুটি মেশিন ভাংচুর করে তারা।

দুর্বৃত্তরা পাম্পের সামনের গ্লাস ভাংচুর করে বরকত পরিবহনের একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।