রংপুরে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
রংপুর নগরীতে নিখোঁজের পনেরো দিনের মাথায় এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে মাহিগঞ্জ সাতমাথা মোড়ে একটি ডোবায় তহিদুল ইসলাম প্রান্তর (১২) লাশ পাওয়া যায়।
প্রান্ত পাশের আমবাড়ি গ্রামের দুবাই প্রাবাসী মানিক মিয়ার ছেলে এবং মাহিগঞ্জ কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, মৃতের গলায় জবাইয়ের চিহ্ন রয়েছে। শরীরে পচন ধরেছে।
তাকে কয়েকদিন আগে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আজিজুল।
প্রান্তর বাবা মানিক মিয়া জানান, গত ৩০ জানুয়ারি বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি প্রান্ত। তারা অনেক খোঁজাখুঁজি করেছেন।
এলাকার এক ব্যক্তি পচা গন্ধ পেয়ে আশপাশের লোকজনকে জানান। খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবায় লাশটি পাওয়া যায়। পরে তিনি ছেলের লাশ সনাক্ত করেন বলে জানান।
