সাতকানিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে চর খাগরিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানিয়েছেন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকদের পরিচয় জানা যায়নি।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতরা সবাই ছররা গুলিতে জখম হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
পুলিশ কর্মকর্তা খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য নিয়ে অনেকদিন ধরেই মুছা গ্রুপ ও বাদশা গ্রুপের মধ্যে সংঘাত চলে আসছে।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় চরখাগরিয়া বাজারে বাদশা গ্রুপের লোকজন মুছা গ্রুপের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
“এর প্রতিশোধ নিতে পরের দিন সকালে দলবল নিয়ে বাদশার বাড়িতে হামলা চালিয়ে চারটি বসতঘরে আগুন দেয় প্রতিপক্ষরা। পরে দুই পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ শুরু হয়।”
খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই দুপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করে পুলিশ।
