১৮টি উদ্ভাবনী উদ্যোগ পেল এ-টু-আইয়ের তহবিল
সেবা খাতে সৃজনশীলতার জন্য ১৮টি উদ্ভাবনী উদ্যোগকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প থেকে অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এতে ১২টি সরকারি, তিনটি বেসরকারি, একটি সরকারি বিশ্ববিদ্যালয়, একটি এনজিও এবং একটি ব্যাক্তি পর্যায়ের উদ্যোগকে মোট তিন কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৭৫০ টাকা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, “সরকারি সেবা খাতে তথ্য ও প্রযুক্তি ব্যবহারের ফলে স্বয়ংক্রিয়ভাবে স্বচ্ছতা চলে আসে। তখন আপনি কোনো কাজ করলে তার রেকর্ডও থেকে যায় এর ফলে দুর্নীতি নিজে থেকেই শেষ হয়ে যায়।
“বর্তমানে সরকারি প্রায় ২০০টি সেবা জনগণ ঘরে বসেই উপভোগ করতে পারছেন। এর মানে হলো সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পেরেছে।”
অনুষ্ঠানে মালদ্বীপের স্বরাষ্ট্র উপমন্ত্রী ও কমিউনিকেশন অথরিটির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আহমেদ আদিম বলেন, “গতকাল যশোরে গিয়ে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে কিভাবে তৃণমুলে পরিবর্তন হতে পারে তা দেখেছি। সেখানে আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি, তারা এতে সন্তুষ্ট কিনা। সকলেই বলেছে তারা সন্তুষ্ট।
“বাংলাদেশে যা হয়েছে তা নিয়ে আমি সত্যিই অভিভূত, আমি কয়েকটি স্কুলও পরিদর্শন করেছি যেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীরা পড়াশোনা করছে।”
তিনি জানান, দ্বীপরাষ্ট্র মালদ্বীপের ১৮৮টির মধ্যে ১৫৫টি দ্বীপ ন্যাশনাল নেটওয়ার্ক এক্সপানসনের মাধ্যেমে যুক্ত, যা দেশটির মোট আয়তনের ৮২ শতাংশ।
তিনি বলেন, “প্রত্যেকটি ভালো জিনিসের পেছনে একটি খারাপ জিনিসও থাকে। তাই এখন আমাদের সাইবার নিরাপত্তা ও সাইবার সেন্সরশিপের কথা ভাবতে হবে। ধরে নিন, ভারত ও মালদ্বীপের মধ্যে ফিজিক্যাল বর্ডার রয়েছে, যে কোনো ধরনের অনুপ্রবেশ রোধে গার্ড রয়েছে। এখন সবকিছুই ধীর ধীরে আধুনিকায়ন হচ্ছে, সাইবার স্পেসের অনুপ্রবেশ ঠেকাবে কে?”
‘সাইবার বর্ডার ও সাইবার নিরাপত্তা’ নিয়ে সচেতনতা তৈরির কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে সার্ভিস ইনোভেশন ফান্ডের মাধ্যমে সফলভাবে বাস্তবায়িত প্রকল্প ‘জরুরি সেবা’ মোবাইল অ্যাপ্লিকেশনেরও উদ্বোধন করা হয়।
সার্ভিস ইনোভেশন ফান্ডের ২য় পর্যায়ে অনুদান পাওয়া এ উদ্যোগটির মাধ্যমে জরুরি প্রয়োজনে দেশের সব 0থানা, হাসপাতাল ও ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ স্থাপন করা যাবে। ইন্টারনেট ব্যাবহার করে এ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি হালনাগাদও করা যাবে।
