বনশ্রীতে পেট্রোল বোমায় বাসের হেল্পার দগ্ধ
বিএনপি জোটের অবরোধের মধ্যে রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় একটি বাসের চালকের সহকারী দগ্ধ হয়েছে।
গুরুতর আহত বাপ্পিকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আগুনে তার শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত ৮টার পরে রামপুরা বনশ্রী এলাকার আল রাজী হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে হেলপার বাপ্পি দগ্ধ হয়।
রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর তাকে বার্ন ইউনিটে নেওয়া হয় বলে জানান তিনি।
