২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটা ৫% হচ্ছে’

মেডিকেল শিক্ষায় ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণে দেওয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 06:16 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ খারিজের এই আদেশ দেয়।

তবে রাষ্ট্রপক্ষ বলছে, তারা এই আদেশ পর্যালোচনার আবেদন করবে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিকদার মকবুল হক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক টুটুল।

আদেশের পর মকবুল হোসেন সাংবাদিকদের বলেন,  ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ৫ ভাগ মুক্তিযোদ্ধা কোটা থাকলেও মেডিকেলে রয়েছে মাত্র ২ শতাংশ। কিন্তু বাস্তবে সেটাও মানা হয় না।

“এই অবস্থার পরিবর্তনে হাই কোর্টে রিট হয়। সেই রিটের শুনানি করে গত ৬ মার্চ ৫ শতাংশ কোটা করার রায় হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করলে আজ আপিল বিভাগ তা খারিজ করে দেয়।।”

“এখন থেকে ৫ শতাংশ কোটা অনুসরণ করতে হবে,” বলেন তিনি।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইকরামুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিট হয়েছিল ২০১৩ সালের ভর্তি নিয়ে। সেই বিষয়ে আদালতের আদেশ হয়েছে। এরপর আমরা আপিল বিভাগে যাই। আপিল বিভাগ আমাদের লিভ টু আপিল খারিজ করে দিয়েছে।”

“আমরা এই রায়ের বিরুদ্ধে রিভিউ করব,” বলেন তিনি।