২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক ব্যবসা বলতে কিছু নেই: জয়

অর্থের বিনিময়ে সেবা দিয়ে সেটাকে সামাজিক ব্যবসা বলা সঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 12:52 AM

Updated : 12 Oct 2022, 03:17 PM

বুধবার রাজধানীতে একদল তরুণ-তরুণীর সঙ্গে মতবিনিময়ে সামাজিক ব্যবসার প্রসঙ্গ এলে এ অভিমত দেন তিনি।

শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, কর্মসংস্থান, তথ্য প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে সেবাধর্মী কাজে নিয়োজিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ‘পলিসি ক্যাফে’ নামে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জয়।

সজীব ওয়াজেদ জয় বলেন, সামাজিক কাজে সরকারের প্রচুর ফান্ড আছে, যেটা আপনারা পেতে পারেন। সিআরআই এই সব ফান্ড পেতে সহযোগিতা করবে।

“তা ছাড়া যেটা আপনারা ব্যবসার ক্ষেত্রে করছেন। খোলাখুলি কথা, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, সোস্যাল বিজনেস বলে কোন বিজনেস নাই। বিজনেস হচ্ছে বিজনেস। সোস্যাল হচ্ছে সোস্যাল।”

“এখন সোস্যাল কাজ করে পয়সা বানাবেন, এটাতো বিজনেস। কাউকেতো বিনা মূল্যে দেওয়া হচ্ছে না। তাহলেতো এটা বিজনেস। বিজনেসের জন্য আমাদের সরকার আলাদা করে সহযোগিতা করতে প্রস্তুত।”

তিনি বলেন, আপনাদেরকে আমি সোস্যাল বিজনেস বলবো না। আপনাদেরকে বলবো, ক্ষুদ্র ব্যবসায়ী। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমাদের সরকার বিশাল একটি ফান্ড গড়ে তুলেছি। সব কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকারের করা। ৫ বছর আগে আমি যা বলছি, এগুলোর কিছুই ছিল না।

“ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমাদের ফান্ড আছে, আইটি ব্যবসায়ীদের জন্য আমাদের ফান্ড আছে। আবেদন করলে এগুলো আপনারা পেতে পারেন।”

‘বেকারত্ব কমেছে’

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে বেকারত্বের হার ছিল ৪০ শতাংশের মতো। এখন সেটা নেমে এসেছে সাড়ে ৪ শতাংশে।

“শুধু সরকারি হিসাব না সিআরআই থেকেও গবেষণা করেও আমরা একই ফল পেয়েছি। সেখানে কাজ কর্মসংস্থান আছে কি-না, এই প্রশ্ন জিজ্ঞেস করলে দেখা গেছে, ৯৫ দশমিক ৫ ভাগ বলেছে, আছে।

“অবশ্য একই সার্ভেতে দেশের সবচেয়ে বড় সমস্যা জিজ্ঞেস করলে প্রায় ৩৫-৪০ ভাগ মানুষ বলেছে, কর্মসংস্থান। সেই পার্থক্যটা কেন?

“আমরা সমীক্ষা চালিয়ে বুঝতে পারলাম, সবাই আরেকটু উন্নত চাকরি খুঁজছে। আবার অনেকে মনে করেন, তাদের চাকরি নেই। যেমন দিনমজুর। তারা কিন্তু বসে নেই। কাজ করছে। কিন্তু তাদের চাকরি স্থায়ী না।

“আমি তরুণদের সঙ্গে আলোচনা করেছি, দেশের মানুষকে গুছিয়ে নেওয়া, দেশের আয় বাড়ানো সাধারণ মানুষের আয় বাড়ানো, যেটা আমরা করতে সফল হয়েছি। আমি জানি না, বিশ্বের আর কোন দেশ গত ৫ বছরে এটা করতে পেরেছে কিনা।

তিনি বলেন, আমার স্বপ্ন বাংলাদেশে আইসিটি ইন্ডাস্ট্রি হবে। বাংলাদেশ আউট সোর্সিং ডেস্টিনেশন হবে। এজন্য মন্ত্রণালয় ট্রেইনিং দিচ্ছে।

“আমাদের সরকার শুধুমাত্র বিনামূল্যে শিক্ষা দিচ্ছে না, বই দিচ্ছে না। একদম যারা দরিদ্র তাদেরকে খাদ্য দেয়, তাদের পরিবারকে একটা স্টাইপেন্ড দেই। এই ব্যবস্থা কিন্তু সরকারের আছে। তবে এই ব্যবস্থা কিন্তু সবাই জানে না।”

“আপনারা এখানে সহযোগিতা করতে পারেন, তাদেরকে যদি জানিয়ে দেন, তাহলে সরকারেরও একটা সহযোগিতা হয়।”

‘কল্যাণের নামে জঙ্গিবাদ’

চট্টগ্রাম থেকে আসা এক তরুণ অভিযোগ করেন, তারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন; সেখানে এক সরকারি কর্মকর্তা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

জবাবে জয় বলেন, সরকারি কর্মচারীদের প্রতি আমাদের সরকারের নির্দেশ মানুষকে সহযোগিতা করা। বাধা না দেওয়া। তবে সবার চরিত্রতো সমান না। মাঝে মধ্যে বাধা পড়ে সেই অফিসারের চরিত্রের কারণে।

তিনি বলেন, আমাদের দেশে দুটি মারাত্মক সমস্যা আছে, একটি হচ্ছে, সন্ত্রাস-জঙ্গিবাদ। এখানে মানুষের সেবা, স্যোসাল ওয়েলফেয়ারের নামে জঙ্গিবাদের অনেক কার্যক্রম চলে।

“এখানে অনেক ফান্ড আসে এনজিও’র নামে, বিতরণ করা হয়। দেখা যায়, তারা বলছে, কাজ করছে। কিন্তু আসলে কি, জঙ্গি রিক্রুটমেন্টের জন্য। তার জন্য অনেক সরকারি কর্মকর্তারা একটু বেশি সচেতন থাকে।”

“আপনারা আপনাদের সমস্যার তথ্য দিতে পারেন, আমরা চেষ্টা করবো। আপনারা যদি আগে থেকেই গিয়ে যদি জানান, তাহলে বিষয়টা সহজ হয়ে যায়।”