শেরপুরে সংঘর্ষে নিহত ১, মহিলাসহ আহত ৩
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হন ভাই-বোনসহ তিনজন।
বুধবার দাওধারা কাটাবাড়ি এলাকায় এ সংঘর্ষে নিহত হন স্থানীয় ওমেদ আলীর ছেলে রমযান আলী (৪২)।
আহতদের মধ্যে নুরুল আমীন ও জয়ফল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে এবং নুরুল আমীনের বোন শামছুন্নাহারকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য পাঠানো হয়েছে।
নালিতাবাড়ী থানার এসআই রুহুল আমীন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে স্থানীয় শাহা আলীর ছেলে জয়ফল মিয়া (২৪) দাওধারা মিশনারী হাসপাতাল থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন।
পথে রমযান আলী ও নুরুল আমীন তার পথ আটকে ধরলে দুপক্ষের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তারা জয়ফলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এরপর জয়ফল চিৎকার করে দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে ঘটনা বলেন। জয়ফলের রক্তাক্ত দেহ দেখে তার পরিবারের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে রমযান আলী ও নুরুল আমীনের উপর হামলা চালায়।
এ সময় রমযান আলী ঘটনাস্থলেই নিহত হন।
আহত হন নুরুল আমীন ও তার বোন শামছুন্নাহার।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলার দায়ের প্রস্তুতি চলছে বলে জানান এসআই রুহুল আমীন।
