গাজীপুরে ৬ ‘ডাকাত’কে পিটুনি
গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির অভিযোগে ছয় ব্যক্তিকে ধরে মারধরের পর পুলিশে দিয়েছে জনতা।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সিরাজগঞ্জের নাসির উদ্দিন (২৪), বাবু (২৪), মোতালেব (৩২), রায়হান (২৮), রাজু (২৫) ও টাঙ্গাইলের সামিনুর (২০)।
এরমধ্যে গুরুতর আহত অবস্থায় রাজু ও রায়হানকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা, দুইটি দা ও দুইটি লোহার রড উদ্ধার করেছে বলে জানান এসআই সাইফুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত দেড়টার দিকে ৯/১০ জনের একদল ডাকাত স্থানীয় আমজাদ হোসেন মাস্টারের বাড়িতে হানা দেয়। ডাকাতরা কাঠের দরজার খিল ভেঙে ভেতরে ঢুকে ঘরের লোকজনদের মারধর করে এবং অস্ত্রের মুখে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।
এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে যায়। ডাকাতরা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যেতে থাকলে ওই ছয়জনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান পুলিশ সদস্য সাইফুল।
