খালেদা-গিবসন বৈঠক : সব পক্ষকে উদ্যোগী হতে আহ্বান
খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে বর্তমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠতে বাংলাদেশের সব পক্ষকে পরস্পরকে আস্থায় নিয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন।
দাবি আদায়ে ২০ দলের লাগাতার অবরোধ-হরতাল এবং সেই দাবি না মানতে ক্ষমতাসীনদের অনড় অবস্থানের মধ্যে বুধবার বিকালে এক পক্ষের প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান বিদেশি এই কূটনীতিক।
লাগাতার অবরোধ ডেকে এক মাসের বেশি সময় ধরে গুলশানের ওই কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এটাই বিদেশি কোনো কূটনীতিকের প্রথম সাক্ষাৎ। ফলে এই বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ কৌতূহল ছিল।
কার্যালয়ের দোতলায় খালেদা জিয়ার চেম্বারে তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন গিবসন। সচরাচর এই ধরনের বৈঠকে কয়েকজন উপদেষ্টা থাকলেও এই বৈঠকে তাদের কাউকে সঙ্গে রাখেননি বিএনপি চেয়ারপারসন।
ঘণ্টাব্যাপী বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের লিখিত একটি বক্তব্য পড়ে শোনান যুক্তরাজ্যের হাইকমিশনার।
তিনি বলেন, “বাংলাদেশের সব মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার ঘটনা চলতে থাকা দুঃখজনক ও নিন্দনীয়। আমি সকল পক্ষকে আহ্বান জানাই, স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সবাই যেন আস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, যা বর্তমান অস্থিরতার অবসান ঘটাবে।
“আমি প্রত্যাশা করি, এই আস্থা গড়ে তোলার প্রক্রিয়া জোরদার হবে। যা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহিংসতা ও বিঘ্ন সৃষ্টির যে চরিত্রায়ন ঘটেছে, তার বিলুপ্তি ঘটাবে। সব বৈধ রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে পালনের পথ তৈরি করে দেবে।”
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। তাতে নাশকতায় অর্ধশতাধিক মানুষ মারা গেছে। এতে ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষা।
বাংলাদেশের বর্তমান চিত্রে হতাশা প্রকাশ করে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, “আমি ক্রমাগতভাবে সব পক্ষকে আহ্বান জানিয়ে আসছি, তারা যেন তাদের কাজের পরিণতি সম্পর্কে পরিপূর্ণভাবে ভাবেন এবং দেশের জাতীয় স্বার্থহানিকর কাজ থেকে বিরত থাকেন।”
খালেদার কার্যালয়ের ফটকে রবার্ট গিবসনকে অভ্যর্থনা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, প্রেসসচিব মারুফ কামাল খান ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
হাইকমিশনারের পতাকাবাহী ল্যান্ড ক্রুজার গাড়িটি বিকাল ৪টা ৫৬ মিনিটে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ফটক দিয়ে ভেতরে ঢোকে।
৩ জানুয়ারি খালেদা এই কার্যালয়ে অবস্থান নেওয়ার পর থেকে প্রধান ফটকটি বন্ধ ছিল। ফটক ঘেঁষে রাখা কারটিও সরিয়ে নেওয়া হয় হাইকমিশনারের গাড়িটি আসার কয়েক মিনিট আগে।
আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর খালেদা জিয়াকে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরও এই গাড়িটি সরানো হয়নি। ফটক না খোলায় সেদিন খালেদা জিয়ার দেখা পাননি শেখ হাসিনা।
গত ২৪ জানুয়ারি কোকোর মৃত্যুর পরদিন ব্রিটিশ হাইকমিশনারসহ কয়েকজন কূটনীতিক গুলশানের কার্যালয়ে শোকবইকে স্বাক্ষর করতে এলেও তখন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ হয়নি।
রবার্ট গিবসন জানান, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আরাফাত রহমান কোকোর মৃত্যুতে তার মা খালেদা জিয়াকে সমবেদনাও জানান তিনি।
