ফেনীতে শিবিরের মিছিল থেকে গাড়িতে আগুন
ফেনী শহরে হরতালের সমর্থনে শিবিরের মিছিল থেকে গাড়িতে অগ্নিংযোগ করা হয়েছে।
বুধবার সকালে শহরের দাউদপুর এলাকায় একটি ট্রাক, দুটি অটোরিকশা ও একটি হিউম্যান হলারে আগুন দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে, পুলিশ দাবি করছে মিছিল থেকে একটি অটোরিকশায় আগুন দেওয়া হয়।
এছাড়া মঙ্গলবার মধ্যরাতে মহিপাল এলাকায় স্টার লাইন পরিবহনের তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে হরতাল সমর্থনে শিবির নেতাকর্মীরা মিছিল করে শহরের দাউদপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় লালপুল থেকে ফেনী শহর অভিমুখী দুটি যাত্রীবাহী অটোরিকশা ও একটি হিউম্যান হলার দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে চালক ও স্থানীয়রা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। একই সময়ে ওই সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকেও আগুন দেয় তারা।
তবে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, শিবিরের মিছিল থেকে একটি অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহাঙ্গির আলম জানান, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় ‘স্টার লাইন’ পরিবহনের ডিপোতে তিনটি বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার রাতে থেকে বুধবার দুপুর পর্যন্ত নাশকতার ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে বলেও জানান পরিদর্শক শাহিনুজ্জামান।
এদিকে ফেনীর দাগনভূইয়ায় বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের ৪২ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
দাগনভূইয়া থানার ওসি আবুল ফয়সাল জানান, মঙ্গলবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূইয়ার আমিরগাঁও এলাকায় একটি বাসে পেট্রোলবোমা ও কয়েকটি হাতবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাসের সামনের অংশে আগুন ধরে এবং হাতবোমার স্প্লিন্টারের আঘাতে এক নারীসহ সাত জন দগ্ধ ও দুইজন আহত হয়।
এ ঘটনায় দাগনভূইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৪২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও অনেককে আসামি করে মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
