মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ওসমানী হাসপাতালে
চব্বিশ ঘণ্টায় ১০ শিশুসহ ৩২ রোগীর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটি।
বুধবার বেলা পৌনে ১টার দিকে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) মোশাররফ হোসেনের নেতৃত্বে কমিটির সদস্যরা হাসপাতালে যান।
তদন্ত দলের অন্য দুই সদস্য হলেন- স্বাস্থ্য বিভাগের পরিচালক (হাসপাতাল ও নার্সিং) সামিউল ইসলাম সাদী ও ঢাকা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. আবির হোসেন রাব্বি।
তদন্ত কমিটির সদস্যরা প্রথমে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিঞার সঙ্গে বৈঠক করেন। পরে তারা হাসপাতালের শিশু ওয়ার্ডসহ রোগী মারা যাওয়া অন্যান্য ওয়ার্ডগুলোতে যান।
পরিদর্শন শেষে ডা. আবির হোসেন সাংবাদিকদের বলেন, “মারা যাওয়া রোগীদের কাগজপত্র, ব্যবস্থাপত্র দেখেছি। সেখানে কোনো অস্বাভাবিকতা আছে কি না, তা খতিয়ে দেখেছি।”
অবহেলার কারণে একসঙ্গে এত মৃত্যু হলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে জানিয়েছে।
প্রাথমিকভাবে কোনো অস্বাভবিকতা পাওয়া গেছে কি না- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ডা. আবির বলেন, “তদন্ত চূড়ান্তভাবে শেষ করেই বলা যাবে, এর আগে নয়।”
ওসমানী মেডিকেলে মঙ্গলবার সকাল ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১০ শিশুর সঙ্গে মোট ২২ জন রোগীর মৃত্যু হয়। এক্ষেত্রে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন রোগীদের স্বজনরা।
ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষও একটি কমিটি গঠন করেছে।
হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ইসমাঈল পাঠোয়ারীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক সবুর মিঞা।
তিনি বলেন, এ কমিটিতে আরও তিন জনকে যোগ করে ছয় সদস্যে উন্নীত করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- হাসপাতালের শিশু বিভাগের প্রধান মনজ্জির আলী, আবাসিক চিকিৎসক রঞ্জন কুমার রায়, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান আলী হাসান চৌধুরী, গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক দিলীপ কুমার ভৌমিক ও শিশু বিভাগের সহযোগী অধ্যাপক মসিহ উদ্দিন চৌধুরী।
এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
