নোয়াখালীতে ১০ বসতবাড়ি ভস্মীভূত
নোয়াখালীর সুর্বণচরে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চর জুবলী আশ্রয়ণ প্রকল্প এলাকার এ আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান খান জানান, সন্ধ্যা ৭টার দিকে আশ্রয়ণ প্রকল্পের এক ইউনিটের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই ইউনিটের ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
মাইজদী থেকে দমকল বাহিনী কর্মীরা রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা প্রশাসন থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর রাত্রিযাপন ও খাবারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
