মাগুরায় দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মাগুরার মহম্মদপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে বাবুখালির ঠাকুরের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মাসুম ইকবালের (১৫) মৃত্যু হয়।
মাসুম উপজেলার ঝামা গ্রামের আবুল বাশার মোল্যার ছেলে।
একই এলাকার বাবুখালি গ্রামে নানা আকরাম মোল্যার বাড়ি থেকে লেখাপড়া করত এবং ডুমুরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
নিহতের আত্মীয় রিংকু মিয়া জানান, সোমবার বিকালে মাসুম মোটরসইকেল চালিয়ে পাশের আলোকদিয়া বাজারে যাচ্ছিল।
পথে ঠাকুরের হাট এলাকায় একটি দ্রুতগামী স্যালো ইন্জিন চালিত নসিমনকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে।
প্রথমে মাগুরা সদর হাসপাতাল, সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয় বলে জানান রিংকু।
মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, এখনও বিষয়টি কেউ তাদের জানায়নি।
প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় বৃত্তি পাওয়া মাসুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
