ভাইয়ের লাঠির আঘাতে মৃত্যু
জমি নিয়ে বিরোধের জেরে বাগেরহাটের মংলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেক ভাই আহত হয়েছেন।
সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহম্মদ শেখের (৪২) মৃত্যু হয়।
মোহম্মদ শেখ উপজেলার সোনাইলতলা ইউনিয়নের চাড়ড়া গ্রামের শেখ মতিয়ার রহমানের ছেলে।
আহত মোজাহিদ শেখকে মংলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে মংলা থানার ওসি বেলায়েত হোসেন জানান, সোমবার বিকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই মোহম্মদ শেখের সঙ্গে ছোট দুই ভাই মোস্তফা শেখ ও মোজাহিদ শেখের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তিন ভাই সংঘর্ষে জড়িয়ে পড়লে বড় ভাই মোহম্মদ শেখ গুরুতর আহত হন।
ওসি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয়।
