২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যাত্রী নামিয়ে বাসে অগ্নিসংযোগ

বিশ দলীয় জোটের অবরোধে সাভারে একটি বাস থেকে যাত্রীদের টেনে হিঁছড়ে নামিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 09:51 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার সন্ধ্যার পর ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসের মুন্সী আব্দুর রউফ গেইটের সামনে এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীনগরগামী গ্রামীণ সেবা পরিবহনের বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দেয় হামলাকারীরা।

ডিইপিজেড দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

ওসি জানান, বাস যাত্রীদের নামিয়ে আগুন দিয়েছে বলে বাসে থাকা কয়েকজন যাত্রী পুলিশকে জানিয়েছেন।

বাসের যাত্রী রোকসানা খাতুন জানান, ১০/১২ জন যুবক বাসটি থামিয়ে যাত্রীদের নামতে বলে। তখন যাত্রীরা না নামলে তারা জোরপূর্বক টেনে হিঁচড়ে নামিয়ে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরো বলেন, জীবন বাঁচাতে দৌড়ে নামতে গিয়ে তিনিসহ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।