কুষ্টিয়ায় দুই দুর্ঘটনায় নিহত ২
কুষ্টিয়ায় ট্রাকচাপা ও ট্রেনের নিচে কাটা পড়ার আলাদা ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, সোমবার দুপুর ১টার দিকে শহরের পুলিশ লাইনের সামনের সড়কে ট্রাকচাপায় মৃত্যুর ঘটনা ঘটে।
আর কুষ্টিয়া-পোড়াদহ ট্রেন লাইনের জগতি কলাবাড়িয়া এলাকায় সকাল ৯টার দিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছেন পোড়াদাহ জিআরপি থানার ওসি এনামুল হক।
নিহত পারভেজ (১৭) ও পিন্টু হোসেন (১৬) এর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা বক্কর সিদ্দিক জানান, হুমায়ূন নামে এক বন্ধুকে নিয়ে পারভেজ মোটরসাইকেল করে শহরতলীর ত্রিমহনী থেকে কুষ্টিয়া শহরে আসছিলেন। পথে পুলিশ লাইনের সামনে একটি ট্রাককে পাশ কাটাতে গেলে ট্রাকটির নীচে পড়েন এ দুজন।
স্থানীয়রা পারভেজ ও হুমায়ূনকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।
আহত হুমায়ূন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
পোড়াদাহ জিআরপি থানার ওসি এনামুল হক জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ২৫ আপ নকশিকাঁথা মেইল ট্রেনটি দৌলতদিয়ায় যাচ্ছিল। পথে জগতি কলাবাড়িয়া এলাকায় রেললাইনের উপর বসে থাকা অবস্থায় পিন্টুর শরীরের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পিন্টুর মৃত্যু হয়।
স্থানীয়দের উদ্ধৃত করে রেলওয়ে ওসি এনামুল জানান, পিন্টু রেললাইনের উপর বসে হেডফোনে কথা বলছিলেন, তাই ট্রেন আসার ব্যাপারটি বুঝতে পারেননি।
