শাহবাগে হাতবোমা বিস্ফোরণ
বিএনপি জোটের হরতাল-অবেরোধের মধ্যে রাজধানীর শাহবাগ থানার সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।
রোববার রাতে এই বিস্ফোরণের পর গণজাগরণ মঞ্চ বিক্ষোভ মিছিল বের করে এবং নাশকতাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৯টায় শাহবাগ মোড়ে ফুলের দোকানের সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হননি।”
বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা সনাক্ত করতে পারেনি পুলিশ।
বিস্ফোরণের পরপরই বিক্ষোভ মিছিল করে গণজাগরণ মঞ্চ, যারা সারাদেশে নাশকতার প্রতিবাদ জানিয়ে আসছে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোমাবাজ ও নাশকতাকারীদের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হতে হবে।”
